পিরোজপুরে বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | পিরোজপুর | ২৮ জুন ২০২৬
“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম রোববার (২৮ জুন) পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭:৩০টা থেকে প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হয়। এদিন পুরুষ প্রার্থীদের জন্য ১,৬০০ মিটার এবং নারী প্রার্থীদের জন্য ১,০০০ মিটার দৌড়, পুরুষদের ১০ ফুট ও নারীদের ৬ ফুট লং জাম্প এবং পুরুষদের ৩.৫ ফুট ও নারীদের ২.৫ ফুট হাই জাম্প পরীক্ষা সম্পন্ন করা হয়।
পিরোজপুর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যরা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে নিয়োগ বোর্ডের সভাপতি বলেন, “আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার ভিত্তিতেই আপনারা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবেন।”
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, পিরোজপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরীক্ষায় দ্বিতীয় দিনের ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের মাঝে তৃতীয় দিনের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হয়। আগামীকাল ২৯ জুন ২০২৬ (সোমবার) সকাল ৭:০০টা থেকে তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রম শুরু হবে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ