নরসিংদীতে বিশেষ অভিযান: মাদক উদ্ধারসহ ৬৩ জন গ্রেফতার, অপহৃত কিশোরী উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার বিভিন্ন থানায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় মাদকসহ ৩৪ জন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধে আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একজন অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অভিযানে মোট ৩৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং ১০৩ বোতল কোডিন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মনোহরদীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনোহরদীর বড়চাপা ইউনিয়নের আতুশাল (দক্ষিণ পাড়া) এলাকার পাকা রাস্তা থেকে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বেলাব থানার গলগলিয়া গ্রামের মোঃ বজলু মিয়া (৫৩) ও মোঃ আল আমিন ওরফে টুটুল (২২)।
এছাড়া চালাকচর ইউনিয়নের মধ্য চালাকচর এলাকার বক্ষিলা মোড় সংলগ্ন পাকা রাস্তা থেকে আল আমিন মিয়া (৩৮) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পলাশে ইয়াবাসহ একজন গ্রেফতার
পলাশ থানা পুলিশ খানেপুর (দক্ষিণ পাড়া) এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
বেলাবে পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার
বেলাব থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্টের সাজামূলে মাদক সেবনের অপরাধে ২ জন, সিআর পরোয়ানাভুক্ত ২ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামি রয়েছেন।
শিবপুরে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
শিবপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে ২৭ জুন তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— ইসমাইল মিয়া (৩০), ফোরকান গাজী (৩০) ও মোহাম্মদ আলী (৬৫)। তাদের সবার বাড়ি শিবপুরের সৈয়দেরখোলা এলাকায়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অন্যতম আসামি গ্রেফতার
বেলাব থানার একটি ক্লু-লেস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গত জানুয়ারি মাসে বীর বাঘবের এলাকায় মুরগির খামারের মালিক আজিমুল কাদের ভূঁইয়া (৪১)-কে হত্যা করে তার মরদেহ বস্তাবন্দি করে ডোবায় গুম করা হয়। পরে খামার থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৪ হাজার মুরগি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায় এবং বেলাব থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়। গত ২৮ জুন রাত ২টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের একটি রিকশা গ্যারেজের সামনে থেকে এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি মোঃ রুবেল মিয়া (৪৩)-কে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপহৃত কিশোরী উদ্ধার
শিবপুর থানা পুলিশের তৎপরতায় নারী ও শিশু পিটিশন মামলার ভিকটিম নাদিয়া আক্তার (১৪)-কে উদ্ধার করা হয়েছে। ২৮ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুরের কুটির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিশোরী শিবপুরের দক্ষিণ কামালপুর এলাকার আমির হোসেনের মেয়ে।
জেলা পুলিশ জানিয়েছে, নরসিংদী জুড়ে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী