ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে জনজীবন
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। শক্তিশালী এ ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভূমিকম্প দুটি আঘাত হানে। সরকারি ছুটির দিন হওয়ায় ওই সময় অধিকাংশ মানুষ নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ফলে হঠাৎ ভূমিকম্পের কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ক্যারিবীয় উপকূলীয় শহর মোরনের পশ্চিমাঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ কিলোমিটার।
পরবর্তীতে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৫। পরপর দুটি ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ করছে বলে জানা গেছে।