মাটি থেকে দুধ বের করার অলৌকিক কেরামত: হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) ওরস মোবারক
হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর পবিত্র ওরশ শরীফ আজ
নিজস্ব প্রতিবেদক
আজ ২০ জুন, ৬ আষাঢ়, শনিবার পবিত্র ওরশ শরীফ পালিত হচ্ছে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর। এ উপলক্ষে ভক্ত-অনুরাগীদের মধ্যে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য আশেকান ও ভক্তবৃন্দ ওরশ শরীফে অংশগ্রহণ করছেন।
হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর জীবনের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য কেরামতের ঘটনা, যা আজও মানুষের মুখে মুখে প্রচলিত। এর মধ্যে অন্যতম একটি কেরামতের ঘটনা হলো ‘মাটি থেকে দুধ বের করার’ অলৌকিক ঘটনা।
জনশ্রুতি অনুযায়ী, ঝিওরী গ্রামের এক বিধবা গোয়ালিনী প্রতিদিন হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর জন্য গরুর দুধ নিয়ে আসতেন। একদিন অসুস্থ হয়ে পড়লে তিনি তার ছেলেকে দুধভর্তি একটি কলসি দিয়ে আউলিয়ার আস্তানায় পাঠান।
পথে আস্তানার কাছাকাছি পৌঁছার পর ছেলেটি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। এতে কলসির সব দুধ মাটিতে ছড়িয়ে পড়ে গেলেও কলসিটি অক্ষত থাকে। ঘটনায় ভীত হয়ে ছেলেটি অঝোরে কান্না শুরু করে।
ছেলেটির কান্নার শব্দ শুনে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি দেখতে পান, কলসিটি অক্ষত থাকলেও দুধ মাটিতে মিশে গেছে। ছেলেটিকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলে তিনি মাটিকে দুধ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
জনশ্রুতি অনুসারে, তাঁর নির্দেশের সঙ্গে সঙ্গে মাটির উপর দুধ ভেসে ওঠে। পরে তিনি সেই দুধ পুনরায় কলসিতে ভরে দেন এবং কলসিটি আগের মতো দুধে পরিপূর্ণ হয়ে যায়।
ভক্তদের বিশ্বাস, এটি ছিল হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর এক মহান কেরামত, যা তাঁর আধ্যাত্মিক মর্যাদা ও অলৌকিক ক্ষমতার অন্যতম নিদর্শন হিসেবে আজও স্মরণ করা হয়।
উল্লেখ্য, ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী মিলাদ, দোয়া মাহফিল, কোরআন খতম, জিকির-আসকার এবং তবারক বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দৈনিক জীবন যাএা