শাহজালাল (রহ.) মাজারে নতুন দান বাক্স স্থাপন, স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগ
সিলেট প্রতিনিধি:
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফের দানের অর্থের স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন দান বাক্স স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মাজার প্রাঙ্গণের বিভিন্ন স্থানে একটি বড় দান বাক্সসহ কয়েকটি ছোট দান বাক্স বসানো হয়। এসব দান বাক্সের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত শুক্রবার সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার শরীফ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যমান দান বাক্সগুলোতে তালা লাগানোর নির্দেশ দেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দান বাক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে সিলেটের এই দুই ঐতিহাসিক মাজারের দান ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত ও আশেকানরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গবাদিপশুসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করে থাকেন। তবে এসব দান ও সম্পদের ব্যবহার এবং হিসাব সংরক্ষণে স্বচ্ছতার অভাব নিয়ে নানা আলোচনা চলছিল।
পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। সিলেট সিটি করপোরেশনের আবেদনের প্রেক্ষিতে পরিকল্পনা কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় মাজার শরীফের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে ওয়াকফ এস্টেট, ইসলামিক ফাউন্ডেশন, মাজার ও মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিনিধিদের নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দান বাক্স স্থাপন ও প্রশাসনিক তদারকি মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।