পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জীবন, কর্ম, শাহাদাত ও পরবর্তী ঘটনাবলি ২০২৮ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
কমিটির সদস্যরা জানান, নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করা হবে। একইসঙ্গে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির কর্মী শরিফ ওসমান হাদির বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে নতুন শিক্ষাক্রমে পাঠ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মীর মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শরিফ ওসমান হাদিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)।
জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় শিক্ষাক্রম পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। পরে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবইয়ে বিভিন্ন পরিমার্জন আনা হয়। এদিকে বিএনপি সরকার গঠনের পর ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
ঝালকাঠির নলছিটির সন্তান শরিফ ওসমান হাদির বাবা একজন মাদ্রাসা শিক্ষক। তিনি নেছারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতেন।
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পর ৫ আগস্ট-পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন তিনি। ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। তবে তার আগেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এই তরুণ নেতা।
২০২৮ সালের নতুন শিক্ষাক্রমে তার জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে শিক্ষার্থীদের সামনে সমসাময়িক ইতিহাস ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দৈনিক জীবন যাএা