ভোলা থেকে নিখোঁজ দুই কিশোরী ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে উদ্ধার: পরিবারের জিম্মায় হস্তান্তর নৌ পুলিশের
নিজস্ব প্রতিবেদক:
ভোলা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীরা হলো—ইসরাত জাহান নাফিয়া (১৪) এবং মোসা. জান্নাতুল সানজিদা (১৩)।
আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) মধ্যরাতে (২৫ অক্টোবর দিবাগত রাত ১২টা ১০ মিনিট) সদরঘাটের ৬ নম্বর পন্টুনে অবস্থানরত ‘প্রিন্স আওলাদ-১০’ লঞ্চ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে উপস্থিত স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
যেভাবে পরিচালিত হয় অভিযান:
পুলিশ সূত্রে জানা যায়, ভোলার দৌলতখান থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ওই দুই কিশোরীর বিষয়ে গত ২৫ অক্টোবর দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯১৪) করা হয়। জিডির তদন্তসূত্রে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট নৌ থানা জানতে পারে, নিখোঁজ ভিকটিমরা ভোলা থেকে ছেড়ে আসা ‘প্রিন্স আওলাদ-১০’ লঞ্চে করে ঢাকার উদ্দেশে আসছে।
তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে তাৎক্ষণিকভাবে সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌ টহল ও পন্টুন ডিউটিতে নিয়োজিত থাকা এসআই (নি.) মো. আলাওল হক এবং এএসআই (নি.) মো. পারভেজ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল ৬ নম্বর পন্টুনে অভিযান চালায়।
লঞ্চটি ঘাটে ভেড়ার পরপরই পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে লঞ্চটির ৩০৮ নম্বর কেবিন থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হন।
পরিবারের কাছে হস্তান্তর:
উদ্ধারের পরপরই দৌলতখান থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সমন্বয় করে সদরঘাট নৌ পুলিশ। খবর দেওয়া হয় ঢাকায় অবস্থানরত কিশোরীদের নিকটাত্মীয়দের। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে উভয় পরিবারের অভিভাবক ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুই কিশোরীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ সংক্রান্ত যাবতীয় তথ্য ঢাকা সদরঘাট নৌ থানার সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুততম সময়ে নিখোঁজ কিশোরীদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় নৌ পুলিশের পেশাদার ভূমিকার প্রশংসা করেছেন স্বজনরা।
এস এম সোহাগ ফরাজী