জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আবু সাঈদ কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:
মানবকল্যাণ ও সেবামূলক কাজের অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) রাজধানীর তেজগাঁও সংলগ্ন শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের বহুমুখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের সেবায় প্রতিষ্ঠার শুরু থেকেই নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে জেডআরএফ। প্রাকৃতিক দুর্যোগ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, কৃষি ক্ষেত্রে উদ্ভাবনী সহায়তা ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তিসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সংগঠনটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। এই সেবামুখী ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় ফাউন্ডেশনের দীর্ঘ ২৭ বছরের উন্নয়ন ও সেবামূলক অগ্রযাত্রার বিভিন্ন দিক প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ পেশাজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী, চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এস এম সোহাগ ফরাজী