হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় ‘মিট দ্য প্রেস’: জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি ইমাম সেলিমের
স্টাফ রিপোর্টার: হেযবুত তওহীদের বিরুদ্ধে একটি উগ্রবাদী গোষ্ঠীর পরিকল্পিত গুজব, মিথ্যাচার, অব্যাহত অপপ্রচার ও প্রকাশ্য সহিংসতার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির সদস্যদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে উসকানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের ‘নিকেতন’-এ হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আইনের শাসন ও জানমালের নিরাপত্তা দাবি
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, একটি চিহ্নিত গোষ্ঠী দীর্ঘদিন ধরে হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রকাশ্যে সংগঠনের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি, সহিংসতায় উসকানি এবং নারী সদস্যদের জড়িয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, স্বাধীন দেশে প্রতিটি নাগরিকের মতপ্রকাশ এবং শান্তিপূর্ণভাবে সংগঠন করার সাংবিধানিক অধিকার রয়েছে। উগ্রবাদীদের অপপ্রচারের বিরুদ্ধে আইনি সুরক্ষার দাবি জানিয়ে তিনি সহিংসতায় উসকানিদাতাদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ
এ সময় হেযবুত তওহীদের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—
তানভীর আহমেদ, খুলনা বিভাগীয় আমির
মো. জসেব উদ্দিন, কুষ্টিয়া আঞ্চলিক আমির
শামসুজ্জামান মিলন, খুলনা আঞ্চলিক আমির
কাজী জাহিদুল হক, কেন্দ্রীয় বাণিজ্য সম্পাদক
আইনুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক
মো. আক্কাচ আলী, কুষ্টিয়া জেলা সভাপতি
জাহিদ মাহমুদ, খুলনা বিভাগীয় গণমাধ্যম সম্পাদক সহ স্থানীয় দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শান্তি ও মানবতার পক্ষে হেযবুত তওহীদের আদর্শিক প্রচার অব্যাহত থাকবে। একই সঙ্গে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের ওপর কোনো ধরনের আঘাত বা নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এস এম সোহাগ ফরাজী