৭ মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে উদ্ধার ১৩ হাজার ৫৭৯: বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা
জাতীয় ডেস্ক / স্টাফ রিপোর্টার: চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিগত সাত মাসে সারা দেশে শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ১৫ হাজার ৭১৭টি। এর মধ্যে ১৩ হাজার ৫৭৯ জন শিশুকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে কিংবা তারা নিজ উদ্যোগে পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো পর্যন্ত সন্ধান মেলেনি ২ হাজার ৩৮ জন শিশুর, যা মোট নিখোঁজের শতকরা ১৩ ভাগ।
গণমাধ্যমে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর প্রকাশের পর সৃষ্ট জনমনে বিভ্রান্তি দূর করতে মাঠ পর্যায়ের থানাগুলো থেকে তথ্য যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) এ পরিসংখ্যান প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বয়সভিত্তিক নিখোঁজ ও উদ্ধারের চিত্র
পুলিশ সদর দপ্তরের সংকলিত তথ্য অনুযায়ী—
০ থেকে ৯ বছর বয়সী শিশু: জিডি হয়েছে ৪৭৪টি। এর মধ্যে উদ্ধার বা ফিরে এসেছে ৪০৬ জন; এখনো উদ্ধার হয়নি ৬৮ জন।
১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরী: জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এর মধ্যে উদ্ধার বা ফিরে এসেছে ১৩ হাজার ২৭৩ জন; এখনো সন্ধান মেলেনি ১ হাজার ৯৭০ জনের।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজ শিশুর মোট সংখ্যা প্রকাশ পেলেও পরবর্তী সময়ে কতজন উদ্ধার হয়েছে বা ঘরে ফিরেছে, সেই ইতিবাচক তথ্য অনুপস্থিত ছিল। ফলে সাধারণ মানুষের মাঝে অযাচিত উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়, যা নিরসনে এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।
নিখোঁজ হওয়ার পেছনে প্রধান কারণসমূহ
পুলিশের অনুসন্ধানে বয়সভেদে নিখোঁজ হওয়ার ভিন্ন ভিন্ন কারণ উঠে এসেছে:
ছোট শিশুদের ক্ষেত্রে (০–৯ বছর): পরিবারের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারিয়ে ফেলা, সঠিক নাম-ঠিকানা বলতে না পারা কিংবা একা ফিরতে গিয়ে দলছুট হয়ে যাওয়ার মতো অসাবধানতাই প্রধান কারণ।
কিশোর-কিশোরীদের ক্ষেত্রে (১০–১৭ বছর): পরিবারের ওপর অভিমান, অতিরিক্ত পড়াশোনার চাপ, নৈতিক স্খলন বা ভুলের পর লোকলজ্জার ভয়, অবাধ স্বাধীন জীবনযাপনের ইচ্ছা, পরিবার থেকে টাকা আদায়ের ফন্দি, পারিবারিক কলহ এবং বন্ধুদের প্ররোচনায় বাড়ি ছাড়ার প্রবণতা দেখা যায়।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, বর্তমানে অনলাইনে ঘরে বসেই সহজে জিডি করার সুবিধা চালু থাকায় নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা স্বাভাবিকভাবেই পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, পুলিশ সদর দপ্তরের পূর্ববর্তী তথ্য পর্যালোচনায় দেখা যায়—২০২৩ সালে দেশে শিশু নিখোঁজের জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে মোট ২২ হাজার ৫৫০টি।
দৈনিক জীবনযাত্রা