আজ সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: পরিদর্শন করবেন ওসমানী ও শামসুদ্দিন হাসপাতাল
সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী সরকারি সফরে সিলেটে আসছেন। সফরকালে তিনি বিভাগীয় প্রধান চিকিৎসাকেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করবেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া এবং নির্ধারিত সময়ের পূর্বেই দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার অভিযোগ নিয়ে জনমনে চলমান তীব্র ক্ষোভ ও সমালোচনার মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর এ গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রীর বিস্তারিত সফরসূচি
সরকারি সফরসূচি অনুযায়ী—
সকাল ৬:০০ মিনিট: ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা।
সকাল ৭:০০ মিনিট: বিমানযোগে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ।
সকাল ৭:৫০ মিনিট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং সকাল ৮টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউজে উপস্থিতি।
সকাল ৯:৩০ মিনিট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন।
সকাল ১১:০০ মিনিট: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন।
দুপুর ১২:৩০ মিনিট: পরিদর্শন সমাপ্ত করে সিলেট সার্কিট হাউজে প্রত্যাবর্তন।
বিকেল ৩:৩০ মিনিট: সার্কিট হাউজ থেকে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে রওনা।
বিকেল ৪:৩০ মিনিট: বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ (বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ)।
স্বাস্থ্যসেবা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ
সিলেটের দুটি প্রধান সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সার্বিক চিকিৎসা কার্যক্রম, সাধারণ রোগীদের সেবার মান, হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিবিড়ভাবে প্রত্যক্ষ করবেন। সফরে মন্ত্রীর একান্ত সচিব তাঁর সফরসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করছেন।