১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা: প্রখ্যাত শিল্পী মুজিব পরদেশী কারাগারে
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী
১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বিচারিক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বিগত ২০২২ সালে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ইদ্রিস আলী বিশ্বাস। পরবর্তীতে ২০২৩ সালের মার্চ মাসে বিচারিক আদালত উক্ত মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থাৎ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
আদালতের সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই সাজাপরোয়ানার ভিত্তিতে গত সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাঁকে ঢাকার আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবন যাএা