ফিফার কাছে আর্জেন্টিনার জন্য ‘বেশি বেশি পেনাল্টি’ চাইলেন অভিনেত্রী হিমি!
বিনোদন ডেস্ক, দৈনিক জীবনযাত্রা:
মাঠে আর্জেন্টিনা দল মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের তুমুল উন্মাদনা। আর সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই দেশের শোবিজ তারকারাও। আর্জেন্টিনার প্রতি নিজের অন্ধ ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’র কাছে এক অদ্ভুত ও রসাত্মক আবদার করে বসেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি!
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি শুভকামনা জানাতে গিয়ে হিমি সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে বলেন, ফিফা যাতে আর্জেন্টিনার খেলাটা আরও সহজ করে দেয় এবং মাঠে তাদের বেশি বেশি ফ্রি-কিক আর পেনাল্টি উপহার দেয়! সঙ্গে একটি হাসির ইমোজি জুড়ে দিতেও ভোলেননি এই তারকা।
সোশ্যাল মিডিয়ায় ফুটবল ভক্তদের মাঝে আর্জেন্টিনাকে নিয়ে ‘পেনাল্টি ভাগ্য’র যে চিরন্তন ট্রল ও রসিকতা চলে, হিমি যেন নিজে আর্জেন্টিনার সমর্থক হয়েও সেই ট্রলকেই দারুণ এক রসিকতায় রূপ দিলেন।
হিমির এই মজার পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হাসির রোল উঠেছে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা মেতে উঠেছেন নানা খুনসুটিতে। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরা এই সুযোগে আর্জেন্টিনার ‘পেনাল্টি নির্ভরতা’ নিয়ে ট্রল করার সুযোগ হাতছাড়া করছেন না। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরা হিমির এই সরল ও মজার স্বীকারোক্তিকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন।
পর্দার ব্যস্ততা সামলেও ফুটবলের এই বিশ্বজনীন জোয়ারে হিমির এমন অংশগ্রহণ প্রমাণ করে—মাঠের ফুটবলের চেয়ে গ্যালারি বা অফ-স্ক্রিনের তারকাদের ফুটবল উন্মাদনা কোনো অংশে কম নয়। রসিকতা যাই হোক, প্রিয় দলের প্রতি হিমির এই অনন্য শুভকামনা এখন নেটপাড়ায় বেশ চর্চিত বিষয়।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী