শেষ ৩২-এ আর্জেন্টিনাকে বিদায় দেবে কেপ ভার্দে! ঘানার তান্ত্রিক বোন্সামের নতুন ভবিষ্যদ্বাণী
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে এবার আলোচনায় শুধু ফুটবলাররাই নন, জায়গা করে নিয়েছেন ঘানার এক তান্ত্রিকও। ইংল্যান্ড–ঘানা ম্যাচে গ্যালারিতে রহস্যময় আচরণের মাধ্যমে আলোচনায় আসা নানা কিয়াঙ্কু বোন্সাম এবার নতুন এক ভবিষ্যদ্বাণী করেছেন। তার দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে টুর্নামেন্টের চমক কেপ ভার্দের কাছে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচ চলাকালে বোন্সামকে গ্যালারিতে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। এরপর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি এমন এক ‘কালো জাদুর অভিশাপ’ দিয়েছেন, যার কারণে ওই ম্যাচে কেইন কোনোভাবেই গোল করতে পারবেন না।
কাকতালীয়ভাবে ওই ম্যাচে হ্যারি কেইন গোল করতে পারেননি। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। এরপর থেকেই বোন্সামের দাবি ও কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
এবার নতুন এক ভবিষ্যদ্বাণী করে বোন্সাম বলেছেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে আসন্ন এই ম্যাচে তিনি কোনো ধরনের কালো জাদু বা বিশেষ আচার-অনুষ্ঠান করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।
যদিও বোন্সামের এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ নেই এবং এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত দাবি ও ভবিষ্যদ্বাণী। মাঠের লড়াইয়েই শেষ পর্যন্ত নির্ধারিত হবে আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে—কে এগিয়ে যাবে পরবর্তী পর্বে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী