বাকেরগঞ্জের চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মনসুর ডাকুয়া গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক অভিযুক্ত মনসুর ডাকুয়া (৫০)কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতোমধ্যে বিশেষ সফলতা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ আভিযানিক দল রোববার (২৮ জুন ২০২৬) দুপুরে ঢাকা মহানগরীর খিলখেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার পলাতক এজাহারভুক্ত আসামি মনসুর ডাকুয়াকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে গ্রেফতারকৃত মনসুর ডাকুয়াসহ অন্যান্য অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরে মামলার বাদী মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন হাওলাদারের হেলেঞ্চাস্থ ব্রিজের ঢালে অবস্থিত রড, সিমেন্ট ও বালির ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় বাদীর বড় ভাই আব্দুল হালিম হাওলাদার হামলায় বাধা দিলে প্রধান অভিযুক্ত মো. শফিকুল ইসলাম শাবল দিয়ে তার বুকে আঘাত করেন। পরে মনসুর ডাকুয়াসহ অন্যান্য অভিযুক্তরা তাকে হাত-পা চেপে ধরে রড ও শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে বলে এজাহারে উল্লেখ করা হয়।
পরে স্থানীয়রা আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-৮, বরিশাল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত মনসুর ডাকুয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত মনসুর ডাকুয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী