সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্য গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনের তত্ত্বাবধানে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপের ডান পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এ সময় তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছিল এবং তাদের কাছ থেকে পোস্টার উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন প্রাপ্তবয়স্ক এবং কয়েকজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রয়েছে। পুলিশের দাবি, তারা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ জনসহ এজাহারভুক্ত আরও ৪০ জন এবং অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী