বিদেশ সফর শেষে দেশে ফিরেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত পারিবারিক মাজারে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারতের সময় প্রধানমন্ত্রী দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করেন। একই সঙ্গে জাতির অগ্রগতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে দুই দেশ সফর করেন। সফরকালে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।
বিদেশ সফর শেষে দেশে ফিরে পারিবারিক মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তার কর্মসূচি শুরু করেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী