বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটের এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনস্থ বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের টেকসই উন্নয়ন, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আলোচনায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও মতবিনিময় করা হয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের সার্বিক উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।