আমার বন্ধু মহাজাদু’ কার গান? হাবিব ওয়াহিদকে ঘিরে নতুন বিতর্ক
সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী
সিলেটের মরমী কবি ও বাউল শাহ খোয়াজ মিয়ার জনপ্রিয় গান ‘আমার বন্ধু মহাজাদু জানে’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে উদ্দেশ্য করে সাংবাদিক আব্বাস হোসেন ইমরান নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করেছেন। সেখানে তিনি লোকগানের মূল স্রষ্টাদের যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আব্বাস হোসেন ইমরান দাবি করেন, ‘মহাজাদু’ গানটির মূল পদকর্তা সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের প্রয়াত বাউল শাহ খোয়াজ মিয়া। পরবর্তীতে বিশ্বনাথের কামালপুর গ্রামের গীতিকার, সুরকার ও শিল্পী সাজ্জাদ নুর গানটি নিজের কণ্ঠে ধারণ করে দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা এনে দেন।
তিনি লেখেন, হাবিব ওয়াহিদ আধুনিক সংগীতায়োজনে গানটিতে নতুন মাত্রা যোগ করেছেন, যা প্রশংসার দাবিদার। তবে কোনো সাক্ষাৎকার বা বক্তব্যে গানটিকে ‘আমার গান’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পরিবর্তে মূল স্রষ্টা বাউল শাহ খোয়াজ মিয়ার নাম উল্লেখ করা উচিত ছিল বলে তিনি মনে করেন।
পোস্টে আরও বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে হাবিব ওয়াহিদ গানটির পেছনের মূল স্রষ্টার নাম উল্লেখ করেননি, যা লোকসংগীতের ঐতিহ্য ও মহাজনদের প্রতি উদাসীনতার পরিচয় বহন করে। নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে দেশের শীর্ষ শিল্পীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতির পাশাপাশি আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয় হাবিব ওয়াহিদের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘মহাজাদু’ গানটি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে হাবিব ওয়াহিদ গণমাধ্যমকে জানান, তিনি আগে থেকে এ বিষয়ে কিছুই জানতেন না। পরে পরিচিতজনদের পাঠানো লিংকের মাধ্যমে ভিডিওটি দেখে তিনি বিস্মিত হন।
হাবিব ওয়াহিদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে, যা আমার জন্য আনন্দের এবং অনুপ্রেরণার। দুই দেশের সম্পর্কের সঙ্গে যুক্ত এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনে আমার গান ব্যবহৃত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি।”
তিনি আরও জানান, ভিডিওতে গানটি ব্যবহারের বিষয়ে আগে থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তাঁর ধারণা, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।
তবে সাংবাদিক আব্বাস হোসেন ইমরানের ফেসবুক পোস্টে উত্থাপিত বক্তব্যের বিষয়ে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের পক্ষ থেকে এ পর্যন্ত আলাদা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দৈনিক জীবন যাএা
প্রকাশ সম্পাদক
এস এম সোহাগ ফরাজী