এনসিপির ৬ এমপি আগে শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন: দাবি আব্দুল্লাহ হিল বাকীর
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ছয়জন অতীতে বিভিন্নভাবে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব আব্দুল্লাহ হিল বাকী।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “এনসিপির এমপিদের মধ্যে ৬ জনই আগে-পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং টিচার হিসেবে; নানানভাবেই শিবিরের সঙ্গে সংযুক্ত ছিলো। এখন হয়তো পথ-মত, চিন্তাধারা আলাদা হয়ে গেছে। এসব নিয়ে নাক সিঁটকানোরও এখন কিছু নাই। অতিরঞ্জনেরও কিছু নাই।”
পোস্টে তিনি আরও বলেন, এনসিপিকে ঘিরে প্রায়ই বিতর্ক তৈরি হয়—কে সাবেক শিবির এবং কে শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তা নিয়ে নানা আলোচনা ও মূল্যায়ন করা হয়। তবে তার মতে, যারা শিবির বা জামায়াতের রাজনীতি থেকে সরে এসে নতুন রাজনৈতিক ধারায় যুক্ত হয়েছেন, তাদের বিষয়টি ইতিবাচকভাবেই দেখা উচিত।
আব্দুল্লাহ হিল বাকী লিখেছেন, “কেউ শিবির বা জামায়াতের রাজনীতিটা করবে না বলেই সে এনসিপিতে এসেছে। এটাকে সানন্দেই গ্রহণ করা উচিত।”
এনসিপির রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলটি একটি সেক্যুলার ও মধ্যপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই রাজনৈতিক দর্শনকে ধারণ করেই দলটির যাত্রা শুরু হয়েছে। তবে ভবিষ্যতে দলটির রাজনৈতিক গতিপথ কোন দিকে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে আব্দুল্লাহ হিল বাকীর দাবির বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।