মাকে ‘পৃথিবীর এক টুকরো জান্নাত’ আখ্যা দিলেন চিত্রনায়িকা রত্না কবির
বিনোদন ডেস্ক:
মায়ের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগঘন অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা রত্না কবির। সেখানে তিনি মাকে নিজের জীবনের “এক টুকরো জান্নাত” বলে উল্লেখ করেন।
স্ট্যাটাসে রত্না কবির লিখেছেন, জীবনের সকল কষ্ট, অভিমান ও রাগ আজ তার মা-ই নীরবে সহ্য করেন। ছোটবেলার স্মৃতিচারণ করে তিনি জানান, একসময় মায়ের শাসনকে ভয় পেলেও সেই শাসনের মধ্যেই ছিল সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা ও মমতা।
তিনি বলেন, ছোটবেলায় মা শাসন করলে তাকে বাঁচাতে এগিয়ে আসতেন নানী ও খালারা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কঠোর ও তেজী মা সন্তানের সুখের জন্য নিজের কঠোরতা বিসর্জন দিয়েছেন। এখন মনের কষ্ট বা রাগ মায়ের ওপর ঝাড়লেও মা প্রতিবাদ করেন না, বরং নীরবে সহ্য করেন। আর এ বিষয়টিই তাকে পরে আরও বেশি কষ্ট দেয়।
মায়ের উপস্থিতি জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি লেখেন, মা পাশে থাকলে নানা উপদেশ ও নিষেধাজ্ঞা বিরক্তিকর মনে হলেও মা দূরে চলে গেলেই সেই মমতা ও স্নেহের আশ্রয়কে খুঁজে ফিরতে হয়।
স্ট্যাটাসে তিনি মায়ের হাতের রান্নার প্রশংসা করে বলেন, “আমার মায়ের হাতের বিশুদ্ধ পাট শাকের ডাল কত মজা!” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পৃথিবীতে মায়ের চেয়ে বিশুদ্ধ ও পবিত্র আর কিছু নেই।
আবেগঘন এই লেখার শেষে রত্না কবির লিখেছেন, “Love U আম্মু”। তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেছেন।
দৈনিক জীবন যাএা