চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার সাফল্য
প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর
চট্টগ্রাম: জনগণের হারানো সম্পদ উদ্ধার ও জনসেবামূলক পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো মালামাল উদ্ধার এবং জনমুখী পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই সাফল্য অর্জন করে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় দায়িত্ব গ্রহণের পর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাঁর দিকনির্দেশনায় ডিবি চট্টগ্রাম বিশেষ অভিযান পরিচালনা করে হারানো মোবাইল ফোন উদ্ধারে কার্যক্রম জোরদার করে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়েরকৃত মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে নিবিড় অনুসন্ধান চালানো হয়। এর মাধ্যমে মোট ১০১টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আজ চট্টগ্রামের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
ফোন ফিরে পেয়ে উপস্থিত উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। সেই লক্ষ্যেই হারানো সম্পদ উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত থাকবে।