জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী মহামহিম প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের (Prince Faisal bin Farhan bin Abdullah Al Saud) এক গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ‘ইউএন বাইল্যাটেরাল বুথ’-এ (GAL-7) অত্যন্ত আন্তরিক পরিবেশে এ উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও সৌদি সরাসরি বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি রপ্তানি, উন্নয়ন সহায়তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ মতবিনিময় করেন দুই নেতা।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই ভ্রাতৃপ্রতিম দেশের বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ককে আরও গভীর, টেকসই ও বহুমাত্রিক রূপ দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সৌদি আরবের বৃহৎ শিল্প বিনিয়োগ ও যৌথ অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণের নানা সম্ভাবনার দিকগুলো তিনি বিস্তারিত তুলে ধরেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বাংলাদেশের সঙ্গে সৌদির ঐতিহাসিক মৈত্রী ও অংশীদারিত্বের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আগামী দিনগুলোতে আরও নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর সরকারের গভীর আগ্রহ ও প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ মধ্যপ্রাচ্যসহ বিশ্বশান্তি রক্ষা এবং মুসলিম উম্মাহর অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরস্পরকে নিবিড় সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এস এম সোহাগ ফরাজী