সিলেটে এসএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৩, ১৪০ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:
সিলেট মহানগর এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে মোট ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ১৪০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
এসএমপি সূত্র জানায়, অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত এ সমন্বিত অভিযানে গ্রেপ্তারকৃত ৯৩ জনের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি, চিহ্নিত মাদক কারবারি, সন্দেহভাজন হিসেবে বিনা পরোয়ানায় আটক ব্যক্তি, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং এসএমপি মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারকৃত অপরাধীরা।
অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্যরা দুই কেজি গাঁজা এবং চোরাচালানের মাধ্যমে আসা ৫০ বস্তা ভারতীয় সুপারি জব্দ করেন।
এদিকে, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে এসএমপির ট্রাফিক বিভাগ। ২৪ ঘণ্টার বিশেষ ট্রাফিক অভিযানে মোট ১৪০টি যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৫৭টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধতা না থাকায় ৮৩টি যানবাহন আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত নগরী গড়ে তুলতে এসএমপির এই সমন্বিত সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এস এম সোহাগ ফরাজী