রসুলগঞ্জ-লামাটুকের বাজার সড়কের বেহাল দশা: ভোগান্তিতে ৪০ গ্রামের মানুষ, সংস্কারের দাবি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | দৈনিক জীবনযাত্রা:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার থেকে লামাটুকের বাজার পর্যন্ত দীর্ঘ ৭-৮ কিলোমিটার সড়কটি গত চার-পাঁচ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল খানাখন্দ ও বড় বড় গর্ত। ফলে এই সড়ক দিয়ে যাতায়াতকারী প্রায় ৩০ থেকে ৪০টি গ্রামের লাখো মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে রসুলগঞ্জ বাজার ও উত্তর গড়গড়ি গ্রাম এলাকা ঘুরে সড়কটির এমন করুণ ও কঙ্কালসার দশা চোখে পড়ে।
দেখার যেন কেউ নেই, ক্ষুব্ধ এলাকাবাসী
স্থানীয় ভুক্তভোগী জনগণের সাথে কথা বলে জানা যায়, জগন্নাথপুর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও এটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অবহেলিত। রসুলগঞ্জ বাজারের নিকটবর্তী উত্তর গড়গড়ি গ্রামে যাওয়ার মূল পথের এই বেহাল দশা দেখে মনে হয় যেন অত্র এলাকায় জনদুর্ভোগ দেখার মতো কোনো জনপ্রতিনিধি নেই। দীর্ঘ ৪-৫ বছর ধরে সড়কটির কোনো ধরনের সংস্কার বা মেরামতের কাজ না হওয়ায় পিচ ও খোয়া উঠে গিয়ে এখন তা যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
গুরুত্ব অপরিসীম, কিন্তু সড়কটি এখন মরণফাঁদ
স্থানীয় পথচারী ও এলাকাবাসীরা জানান, রসুলগঞ্জ বাজার হয়ে লামাটুকের বাজার পর্যন্ত সড়কটি অত্র অঞ্চলের যোগাযোগের একটি অন্যতম প্রধান মাধ্যম। এই সড়কের পাশেই অবস্থিত সিলেট বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহত্তর ‘রসুলগঞ্জ বাজার’। এই বাজারে বিভাগের অন্যতম বৃহৎ গরু, ছাগল ও হাঁস-মুরগির হাট বসে। সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতি হাটের দিন শত শত খামারি ও ব্যবসায়ী পিকআপ ও ট্রাকে করে গবাদিপশু নিয়ে এই বাজারে আসেন। কিন্তু সড়কটির নাজুক অবস্থার কারণে পশুবাহী যানবাহন চলাচলে দুর্ভোগের কোনো শেষ নেই।
ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ গ্রামবাসী, স্কুল-কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করতে হচ্ছে। ভাঙা রাস্তায় গাড়ি উল্টে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এই মরণফাঁদ দশা চললেও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি দেখেও না দেখার ভান করে আছেন। তাই অত্র এলাকার জনসাধারণের দুঃখ ও দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে জগন্নাথপুর-শান্তিগঞ্জ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সড়কটি দ্রুত ও টেকসইভাবে সংস্কার করে অবর্ণনীয় এই কষ্ট থেকে মুক্তি দিতে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এস এম সোহাগ ফরাজী।।