প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন আমজনতা দলের নেতা তারেক রহমান: ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন নিজেই
কূটনৈতিক প্রতিবেদক:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উচ্চপর্যায়ের সফরে সরকারি প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্ত হয়েছেন ‘আমজনতা দল’-এর সদস্যসচিব তারেক রহমান।
আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন আমজনতা দলের এই শীর্ষ নেতা।
পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে করমর্দনরত একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’
সফরের সূচি ও লক্ষ্য:
প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। চার দিনের এই নিবিড় সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান মেগা অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ও উন্নয়ন ঋণের সুদের হার কমানো, সরাসরি জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো শীর্ষ প্রাধান্য পাবে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে জাপান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী দল টোকিওর ঐতিহ্যবাহী ‘ইম্পেরিয়াল হোটেল’-এ অবস্থান করবেন।
এস এম সোহাগ ফরাজী