রাজশাহীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বৃক্ষরোপন
স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর ঐতিহ্যবাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্ত-পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মসভা পূজামণ্ডপ প্রাঙ্গণে এসে পৌঁছালে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
মণ্ডপে প্রবেশের পর প্রধানমন্ত্রী দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ ভক্ত ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তীতে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আবহমান কাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক। এখানে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব উদ্যাপনের পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একটি শান্তিময়, বৈষম্যহীন ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভা শেষে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবং এই আগমনকে স্মরণীয় করে রাখতে ধর্মসভা মন্দির প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় রাজশাহী জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-দর্শনার্থী উপস্থিত ছিলেন।
এস এম সোহাগ ফরাজী