জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদের উচ্চপর্যায়ের বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মহামহিম শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের (Sheikh Abdullah bin Zayed Al Nahyan) এক আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্কে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি, বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ ও দক্ষ জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের আস্থার সম্পর্ককে আরও গভীর, গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের শিল্প ও অবকাঠামো খাতে আমিরাতের বড় বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।
সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন। তিনি বাণিজ্য, উন্নয়ন ও কৌশলগত বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ অংশীদারত্ব ও যৌথ সহযোগিতা আরও বহুদূর এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর সরকারের গভীর আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় নেতাই পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দুই দেশের জনগণের বৃহত্তর কল্যাণে ভবিষ্যৎ যৌথ কর্মসূচি বাস্তবায়ন এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এস এম সোহাগ ফরাজী