বানিয়াচংয়ে ৮ বছরের মাদ্রাসা ছাত্রী ফারিয়া নিখোঁজ: পরিবারে চলছে আহাজারি, সন্ধানে সহযোগিতা কামনা
স্টাফ রিপোর্টার, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফারিয়া তাবাসসুম মীম নামের ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে শিশুটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারজুড়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ ফারিয়া তাবাসসুম মীম বানিয়াচং উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ উল্লা মিয়ার মেয়ে। সে স্থানীয় ‘দারুল হিকমা মাদ্রাসা’র নিয়মিত শিক্ষার্থী। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই দিনটি শুরু হলেও বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই সবার অজান্তে নিখোঁজ হয়ে যায় শিশুটি।
বিকেলের পর থেকে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে বাড়ির আশপাশে এবং প্রতিবেশীদের ঘরে খোঁজ নেওয়া হয়। পরবর্তীতে সহপাঠী, শিক্ষক এবং সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতেও যোগাযোগ করা হলেও ফারিয়ার কোনো সন্ধান মেলেনি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। ৮ বছরের এক নিষ্পাপ শিশু এভাবে কোনো ধরনের সূত্র ছাড়া উধাও হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ ফারিয়া তাবাসসুম মীমের বাবা ফয়েজ উল্লা মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর মেয়ের সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা থাকার কথা নয়। বিকেল থেকে আচমকা মেয়েটির কোনো সন্ধান না পেয়ে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তাঁর মা বারবার মূর্ছা যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিতে পরিবারকে সহায়তা করছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনকে মৌখিকভাবে অবগত করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির সন্ধানে সচেতন মহল জোর তৎপরতা শুরু করেছে। দ্রুত ফারিয়াকে পরিবারের কোলে ফিরিয়ে দিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে কালবিলম্ব না করে সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭২৬১৪৫৭৬৪
ছোট্ট শিশু ফারিয়া তাবাসসুম মীমকে দ্রুত খুঁজে পেতে এই নিখোঁজ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার ও শেয়ার করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
এস এম সোহাগ ফরাজী।