আশকোনা হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
দৈনিক জীবনযাত্রা । সিলেট প্রতিনিধি শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬
বিদেশে গমনেচ্ছু প্রবাসী কর্মীদের আকস্মিক জরুরি প্রয়োজন ও নাইট হোল্ডের ভোগান্তি কমাতে রাজধানীর আশকোনাস্থ ‘হজ্জ ক্যাম্প’-এ ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এস এম সোহাগ ফরাজী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় এবং ধর্মমন্ত্রীর সার্বিক প্রস্তাবে এটি বাস্তবায়ন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর আশকোনা হজ্জ ক্যাম্প সরেজমিনে পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
পুরুষ ও নারীদের জন্য আলাদা ৫০টি করে শয্যা
পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বর্তমানে বিমানবন্দরে আসা প্রবাসীদের থাকার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার সুব্যবস্থা রয়েছে। তবে দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীদের চাপ সামলাতে এটি অপ্রতুল।
তিনি বলেন, বৈরী আবহাওয়া, যুদ্ধবিগ্রহ বা যেকোনো জরুরি কারণে প্রায়শই ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। এমন সংকটকালে বিমানবন্দরে হাজার হাজার প্রবাসী চরম ভোগান্তিতে পড়েন। সেই আবাসন সংকট কাটাতে বিমানবন্দর সংলগ্ন হজ্জ ক্যাম্পে অতিরিক্ত ১০০টি বেডের সুব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে পুরুষ প্রবাসীদের জন্য ৫০টি এবং নারী প্রবাসীদের জন্য পৃথক ৫০টি বেড নির্ধারিত থাকবে। এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।
“সরকার প্রবাসীবান্ধব নীতিতে বদ্ধপরিকর”
বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নানা পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সুযোগ-সুবিধা ও মর্যাদা বৃদ্ধি করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। হজ্জ ক্যাম্পের এই আবাসন সুবিধা প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও ভোগান্তি অনেকাংশে লাঘব করবে।”
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন