স্বপ্নের ইউরোপে পৌঁছানোর ৮ দিনের মাথায় প্রাণ গেল সুনামগঞ্জের প্রবাসীর
।
সিলেট প্রতিনিধি শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী দৈনিক জীবনযাত্রা
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬
উন্নত জীবনের আশা ও পরিবারের ভাগ্যের চাকা ঘোরানোর স্বপ্ন নিয়ে ইউরোপের দেশ গ্রীসে পাড়ি জমিয়েছিলেন তরুণ শাহ জায়েদ আলী (২৭)। তবে সেই স্বপ্ন পূরণের সুযোগ মেলেনি তার; গ্রীসে পৌঁছানোর মাত্র ৮ দিনের মাথায় লেরস (Leros) দ্বীপের একটি ক্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
নিহত শাহ জায়েদ আলী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৯ নং ওয়ার্ডের কালাশা মুকাম বাড়ি (ভবানীপুর, শেরপুর) এলাকার বাসিন্দা।
ক্যাম্পের পরিবেশ ও আকস্মিক অসুস্থতা
পরিবার সূত্রে জানা গেছে, অনেক ত্যাগ-তিতিক্ষা ও কষ্ট স্বীকার করে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে গত ৮ দিন আগে গ্রীসে পৌঁছান জায়েদ। তবে গ্রীসের লেরস রিফ্যুজি ক্যাম্পে পৌঁছানোর পরপরই তিনি মারাত্মক শারীরিক অসুস্থতায় পড়েন।
ক্যাম্পের অস্বাস্থ্যকর পরিবেশ ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।
পরিবারে শোকের ছায়া
ইউরোপের মাটিতে পা রাখার মাত্র আট দিনের মাথায় প্রাণপ্রদীপ নিভে যাওয়ায় নিহত জায়েদের পরিবার ও পুরো গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার তাগিদে দেশ ছেড়ে এভাবে আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহতের স্বজনরা। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।