ডিএসসিসিতে শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে প্রায় ৬ লাখ শিশু
ঢাকা, ২৮ জুন (রবিবার):
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। সকালে রাজধানীর ধানমন্ডির কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এবারের ক্যাম্পেইনে ডিএসসিসি এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আইইউ) খাওয়ানো হচ্ছে।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে কর্মসূচি সফল করতে প্রায় ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, “আজকের ছোট সোনামণিরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুস্থ ও রোগমুক্ত রাখতে সময়মতো টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে হবে। অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে অসুস্থতা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ।”
তিনি শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কুফল সম্পর্কে সতর্ক করে বলেন, অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। নিজের ছাত্রজীবনের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে প্রশাসক নতুন প্রজন্মকে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়ের জন্য ২ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী