বরিশালে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান, ড্রেজার-বাল্কহেডসহ আটক ১২
বরিশাল প্রতিনিধি:
বরিশালের নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১২ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত একটি ড্রেজার এবং একটি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনপত্র প্রদর্শনের আহ্বান জানানো হলেও তারা বৈধ কোনো নথি দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করার পাশাপাশি ভাঙন ও পরিবেশগত ক্ষতির ঝুঁকি বাড়ায়।
তারা আরও জানান, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।