মাদকাসক্তি ও পথ-ভিত্তিক সহিংসতা রোধে মিরপুরে লোকসঙ্গীত ও স্বাস্থ্য ক্যাম্প
ঢাকা | ২৪ জুন ২০২৬
মাদকাসক্তি ও পথশিশু নির্যাতন (স্ট্রিট-বেইজড ভায়োলেন্স) বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইতিবাচক সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো-LEEDO) রাজধানীর মিরপুর-১ এলাকায় এক লোকসঙ্গীত ও স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে।
আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১৫০ জন শিশু, কিশোর-কিশোরী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক আলোচনা, লোকসঙ্গীত পরিবেশনা এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন।
এছাড়া লোকসঙ্গীতের মাধ্যমে শিশু অধিকার, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং শিশু নির্যাতন প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরাদ হোসেন বলেন, “বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর সাম্প্রতিক জাতীয় জরিপ অনুযায়ী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্তির ঝুঁকিতে রয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, মোট মাদকাসক্তদের প্রায় এক-তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ মানুষ ৮ থেকে ১৭ বছর বয়সেই এই মরণনেশায় জড়িয়ে পড়ছে। পরিপার্শ্বিক সুরক্ষার (Contextual Safeguarding) অভাবে পথ-সংযুক্ত শিশুরা মাদকচক্র ও জনপরিসরের সহিংসতার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।”
তিনি আরও বলেন, “ছিন্নমূল শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ রোধ এবং মাদকাসক্তির নেতিবাচক প্রভাব থেকে তাদের সুরক্ষিত রাখতে সমাজের সচেতন মহল, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।
আয়োজকরা জানান, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবা সমন্বিত এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে মাদক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।