কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসী নিহত, এলাকায় শোকের ছায়া
সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) ভোরে কাতারের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা দীর্ঘদিন ধরে কাতারে কর্মরত ছিলেন এবং দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
প্রবাসে একসঙ্গে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর খবরে কানাইঘাটজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্বজনরা তাদের প্রিয়জনদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে কাতার ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
দৈনিক জীবন যাএা