বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদ: সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকাজে বাধা প্রদান এবং বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির কর্তৃক মুক্তিযোদ্ধাদের ধারাবাহিক অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে সুনামগঞ্জ শহরের ব্যস্ততম আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা হাতে জাতীয় পতাকা নিয়ে শহরে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল মোমেনের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক বিলাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন উপজেলার সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য দেন প্রবীণ যোদ্ধারা:
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জামালগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, ছাতক উপজেলার সাবেক কমান্ডার তোতা মিয়া, দোয়ারাবাজার উপজেলার সাবেক কমান্ডার সফর আলী, তাহিরপুর উপজেলার সাবেক কমান্ডার হারুন অর রশিদ, শান্তিগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ এবং জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
‘স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে’:
সমাবেশে ক্ষোভ ও বেদনা প্রকাশ করে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পাঁচ দশকেরও বেশি সময় পার হওয়ার পর স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার মতো ধৃষ্টতা দেখানো হচ্ছে। স্বাধীনতা বিরোধী চক্র ও জামায়াত-শিবিরের এমন ঔদ্ধত্যে আজ জাতির সূর্যসন্তানদের হৃদয়ে তীব্র রক্তক্ষরণ হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন অঞ্চলে সুপরিকল্পিতভাবে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান ও হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়ে যারা বাধা সৃষ্টি করেছে, সেই কুচক্রী মহল ও তাদের দোসরদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
প্রধানমন্ত্রীর প্রতি কঠোর ব্যবস্থার আহ্বান:
সভাপতির বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল মোমেন বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় স্বাধীনতা বিরোধী অপশক্তি কীভাবে একজন মুক্তিযোদ্ধার মরদেহের জানাজা ও শেষকৃত্যে বাধা দেওয়ার সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। আমরা এই অপমানের বিচার দেখতে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে যাইনি।”
বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারের সন্তান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারপ্রধানের কাছে আমাদের জোরালো দাবি—মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় যারা বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোরতম প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযোদ্ধাদের অসম্মান করার সাহস না পায়।”
দৈনিক জীবনযাত্রা
এস এম সোহাগ ফরাজী