ফরিদপুরের নির্যাতিত সাংবাদিক সাজ্জাদের জামিন শুনানি আজ: সিএমএম আদালত চত্বরে প্রেস ব্রিফিংয়ের ডাক
নিজস্ব প্রতিবেদক:
মাদক কারবারি ও অবৈধ বালু দস্যুদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণকারী ফরিদপুরের সাংবাদিক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে পুলিশের সিআইডি কর্মকর্তার স্ত্রী কর্তৃক দায়েরকৃত কথিত চাঁদাবাজি মামলায় আজ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে এক জরুরি প্রেস ব্রিফিংয়ের ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ১৫ নম্বর আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফরিদপুরের স্থানীয় সাংবাদিক সাজ্জাদ হোসেন পেশাগত দায়িত্ব পালনকালে অতীতে মাদক কারবারি ও নদী দখলকারী বালু সিন্ডিকেটের নির্মম হামলার শিকার হন। ওই হামলায় গুরুতর জখম হয়ে তিনি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন। পরবর্তীতে এক সিআইডি পুলিশ কর্মকর্তার স্ত্রী বাদী হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ঢাকায় একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন বলে অভিযোগ রয়েছে।
উক্ত মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আজ সকাল ১১টায় আদালতে আইনি প্রক্রিয়া পরিচালনা করা হবে। পরবর্তীতে আদালতের কার্যক্রম শেষে দুপুর ১২টার দিকে সিএমএম আদালতের ১৫ নম্বর এজলাস ভবনের সামনের চত্বরে বিস্তারিত তুলে ধরতে সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেন, “একজন পঙ্গু ও নির্যাতিত কলম সৈনিকের ওপর আইনি হয়রানির বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। সত্য উন্মোচন ও সহকর্মী সাংবাদিকদের পাশে দাঁড়াতে ঢাকার সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”
প্রেস ব্রিফিং সমন্বয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু এবং মামলার শিকার সাংবাদিক সাজ্জাদ হোসেন ঢাকার কর্মরত গণমাধ্যমকর্মীদের সংহতি ও উপস্থিতি কামনা করেছেন।
এস এম সোহাগ ফরাজী