দুমকিতে পটুয়াখালী ডিবির বিশেষ অভিযান: বগা ফেরিঘাট থেকে ৩৬৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোশারেফ গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলায় মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) দিবাগত রাত পৌনে ১২টার দিকে (২৩:৪৫ ঘটিকা) দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের বগা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—মো. মোশারেফ হোসেন ওরফে মোশারফ হোসেন (৩৮)। তিনি পটুয়াখালী জেলার দশমিনা থানার গছানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাসপাড়া এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার সৈকত পাড়া এলাকার এজাহার মিয়ার কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, সীমান্তবর্তী অঞ্চল থেকে আসা ইয়াবার একটি বড় চালান নিয়ে এক মাদক কারবারি দুমকি উপজেলার বগা ফেরিঘাট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে মুরাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বগা ফেরিঘাট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় ঝটিকা অভিযান চালায় পুলিশ।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোশারেফ হোসেনকে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে নীল রঙের বিশেষ জিপারযুক্ত প্যাকেটে মোড়ানো মোট ৩৬৩ (তিনশত তেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোশারেফ কক্সবাজারের স্থানীয় সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ রেখে দীর্ঘদিন ধরে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ইয়াবার চালান পাইকারি ও খুচরা সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এস এম সোহাগ ফরাজী