পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক
স্টাফ রিপোর্টার, দৈনিক জীবনযাত্রা
পটুয়াখালী:
পটুয়াখালী সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে দুটি দেশীয় অস্ত্রসহ খায়রুল হাসান আলিম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার ও নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের বড় চৌরাস্তা এলাকায় অবস্থান করছিল। এ সময় পুলিশের কাছে গোপন সংবাদ আসে—সদর থানাধীন ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কতিপয় অস্ত্রধারী ব্যক্তি অবস্থান করছে। তারা শারিকখালী গ্রামের পলাতক আসামি মাহবুব তালুকদারের টিনের বসতঘরে জড়ো হয়েছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদার নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুমন হাওলাদার, এএসআই কমল চন্দ্র হাওলাদার ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাহবুব তালুকদারের বাড়িতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মূল অভিযুক্ত মাহবুব তালুকদার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা খায়রুল হাসান আলিমকে দুটি দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার খায়রুল হাসান আলিম পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকার মোহাম্মদ সুমন সিকদার ও খাদিজা আক্তার দম্পতির ছেলে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানা সূত্রে জানানো হয়, গ্রেপ্তারকৃত তরুণের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পলাতক মাহবুব তালুকদারসহ সংশ্লিষ্ট চক্রটিকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।