ঐতিহ্য আড়াল করে ‘আই লাভ সিলেট’: প্রতিশ্রুতির কয়েকমাস পেরিয়ে গেলেও সরানো হলো না কিনব্রিজের বিতর্কিত সাইনেজ
সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটের সুরমা নদীর বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা ৯৩ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কিনব্রিজ দেখতে প্রতিদিন ভিড় জমান হাজারো দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় দর্শনার্থী। তবে দৃষ্টিনন্দন এই ঐতিহাসিক লোহার সেতুর মূল রূপ ও নান্দনিকতাকে আড়াল করে রেখেছে একটি বিতর্কিত সাইনেজ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরিয়ে নেওয়ার স্পষ্ট আশ্বাস দেওয়া হলেও মাসের পর মাস পেরিয়ে গেলেও তা অপসারণের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
কয়েক মাস আগে গ্রামীণফোনের আর্থিক ও কারিগরি সহায়তায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) কিনব্রিজের প্রবেশমুখে দৃষ্টিকটুভাবে ‘আই লাভ সিলেট’ (I Love Sylhet) লেখা সাইনেজটি স্থাপন করে।
শুরু থেকেই ক্ষোভ ও নাগরিক অসন্তোষ
সাইনেজটি স্থাপনের শুরু থেকেই সিলেটের সচেতন নাগরিক সমাজ, ইতিহাসবিদ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁদের স্পষ্ট অভিযোগ, তথাকথিত ‘সৌন্দর্যবর্ধন’-এর নামে কিনব্রিজের মূল স্থাপত্যশৈলী ও প্রাচীন ঐতিহাসিক আবহকে সচেতনভাবে ঢেকে দেওয়া হয়েছে। দূর থেকে এখন আর কিনব্রিজের আসল অবয়ব দৃশ্যমান হয় না, বরং চোখে পড়ে কৃত্রিম একটি সাইনবোর্ড।
তীব্র সমালোচনার মুখে সিলেট সিটি করপোরেশনের তৎকালীন প্রশাসক প্রকাশ্য ঘোষণা দিয়ে সাইনেজটি সরিয়ে নেওয়ার আশ্বাস প্রদান করেছিলেন। তিনি সে সময় বলেছিলেন, “সিলেটের ঐতিহ্য অক্ষুণ্ণ ও অক্ষত রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সাইনেজটি উপযুক্ত স্থানে স্থানান্তর করা হবে।”
প্রতিশ্রুতি ফাঁকা, বহাল তবিয়তে সাইনেজ
প্রশাসনের সেই মৌখিক প্রতিশ্রুতির কয়েক মাস পার হয়ে গেলেও এখনো আগের জায়গাতেই বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে সাইনেজটি। এটি স্থানান্তরের জন্য সিসিকের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি।
স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিনব্রিজ কেবল একটি সেতু নয়, এটি সিলেটের আত্মপরিচয় ও গৌরব। দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা যেখানে ঐতিহাসিক সেতুর ছবি ফ্রেমবন্দি করতে আসেন, সেখানে এখন তাঁদের সামনে এসে দাঁড়াচ্ছে বাণিজ্যিক ধাঁচের এই সাইনেজ। এতে শহরের শতবর্ষী ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে।”
নগরবাসীর জোর দাবি, প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন করে দ্রুততম সময়ে সাইনেজটি কিনব্রিজের সম্মুখভাগ থেকে অপসারণ করা হোক এবং ঐতিহ্যবাহী কিনব্রিজকে তার স্বমহিমা ও চিরচেনা নান্দনিক রূপে ফিরিয়ে দেওয়া হোক।
দৈনিক জীবনযাত্রা