জকিগঞ্জে ঘর থেকে অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেট প্রতিনিধি (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):
সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে এক অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছর বয়সী কন্যাসন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এই হৃদয়বিদারক ও রহস্যজনক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বুরহানপুর দাশপাড়া এলাকার বাসিন্দা ও শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) এবং তাদের চার বছর বয়সী শিশু কন্যা হৃদি দাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চম্পা রাণী দাশ বেশ কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের তীরের সাথে সিলিং ফ্যানে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমান। একই রশিতে অন্তঃসত্ত্বা মা ও নিষ্পাপ শিশুর এমন নিথর দেহ দেখে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, “সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ঘরের ভেতর একই ফ্যানের সঙ্গে মা ও চার বছরের মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে যে নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তবে ঠিক কী কারণে বা কোন পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানার পরপরই জকিগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়।”
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দক্ষ দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে।
ওসি আরও বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা কারণ রয়েছে, তা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং পুলিশি তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”