ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও বিভিন্ন মামলার আরও ৪ আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার / ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিসহ বিভিন্ন মামলার আরও চার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে পৃথক দুটি মামলায় ৫৫ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২: ছাতক থানার মামলা নং-১০(০৯)২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ মূলে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন ছাতক পৌরসভার বাগবাড়ি গ্রামের (ভাড়াটিয়া) জয়নাল মিয়ার ছেলে মো. আলা উদ্দিন (২৩) এবং একই এলাকার রেলওয়ের পরিত্যক্ত হাসপাতালের বাসিন্দা হোসেন আলীর ছেলে শরীফ আহমদ (৩৪)।
২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ছাতক থানার মামলা নং-১১(০৯)২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) মূলে ২৫ পিস ইয়াবাসহ পৌরসভার বাগবাড়ি টিলাবাড়ির ভাড়াটিয়া মোখলেস মিয়ার ছেলে সাঈদী ইসলাম হৃদয়কে (৩০) গ্রেপ্তার করা হয়।
নিয়মিত ও পরোয়ানাভুক্ত আরও ৪ আসামি গ্রেপ্তার
একই রাতে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামি এবং জিআর ও পারিবারিক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
নিয়মিত মামলার (মামলা নং-০৩(০৯)২০২৬) এজাহারনামীয় আসামি নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মৌর আলী প্রকাশ মৌরালী (৬৪)।
পারিবারিক জারি মামলা নং-০৮/২১-এর পরোয়ানাভুক্ত আসামি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চাকলপাড়া গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে শামসুদ্দীন (৩০)।
জিআর-১৭৯/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি ছাতক পৌরসভার মন্ডলীভোগ এলাকার মো. ফারুক মিয়ার ছেলে মো. কয়েস মিয়া (২৫)।
জিআর-৩১৩/১৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত কৃষ্ণ রবিদাসের ছেলে বীরবল রবিদাস (৪০)।
থানা পুলিশের বক্তব্য
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, “বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একাধিক চৌকস টিম একযোগে অভিযান চালিয়ে মাদক কারবারি ও বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত মোট সাত আসামিকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে যথাযথ পুলিশ পাহারায় তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ছাতক উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক জীবনযাত্রা