অবৈধ পথে বিদেশযাত্রা ও মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর
স্টাফ রিপোর্টার:
যেসকল মানবপাচারকারী ও অসাধু দালালের ফাঁদে পড়ে যুবসমাজ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ উপায়ে বিদেশযাত্রা প্রতিরোধ বিষয়ক এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর নির্দেশনা দেন।
দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ
মন্ত্রী বলেন, “বৈধ পথে বিদেশ যাওয়ার পাশাপাশি কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশ যাওয়া অত্যন্ত জরুরি। সুনামগঞ্জের সুবিধাজনক স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাষা শিক্ষা কোর্সের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন রোধে সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে সুনামগঞ্জের সকল মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশযাত্রার ভয়াবহতা এবং বৈধ পথে গমনের সুফল প্রচার করার আহ্বান জানান তিনি। মন্ত্রী আশা প্রকাশ করেন, এই সামাজিক সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে।
ইতালিতে নতুন সুযোগ ও অভিবাসনের সার্বিক চিত্র
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বৈধ সুযোগের অভাবে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে দক্ষ কর্মীদের বৈধভাবে যাওয়ার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী। তিনি অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষসারিতে থাকা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর ফলে সৃষ্ট বিব্রতকর পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরেন।
উপস্থিত ব্যক্তিবর্গ
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ (সুনামগঞ্জ-৫), নূরুল ইসলাম (সুনামগঞ্জ-৪), মোহাম্মদ কয়ছর আহমেদ (সুনামগঞ্জ-৩), কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১) এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
এছাড়াও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস এম সোহাগ ফরাজী।
দৈনিক জীবনযাত্রা