রংপুরের আলোচিত চার খুনের পর পুলিশ কমিশনার প্রত্যাহার: ১৭ শীর্ষ কর্মকর্তার কর্মস্থলে বড় রদবদল
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার: রংপুরে চাঞ্চল্যকর ও আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে আরপিএমপি কমিশনারসহ পুলিশ ও র্যাবের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তার কর্মস্থলে এ বড় ধরনের পরিবর্তন ও রদবদল আনা হয়।
ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ের রদবদল
জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী—
আরপিএমপি: পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) হিসেবে পদায়ন করা হয়েছে।
র্যাব: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর: পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
ডিএমপি: রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার ও সমপর্যায়ের কর্মকর্তাদের পদায়ন
আলাদা প্রজ্ঞাপনে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে—
এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার করা হয়েছে।
এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং আরপিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেন ও মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং পিবিআইয়ের এসপি এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।
গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পূর্ববর্তী দুটি বদলির আদেশ বাতিল
প্রজ্ঞাপনে পূর্বে জারি করা দুটি পৃথক বদলির আদেশ বাতিল করা হয়েছে। এর মধ্যে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পদে বদলির আদেশ এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশটি বাতিল করা হয়।