প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন বিশ্বনাথের শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক সহকারী অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. এম. মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগের শর্তাবলী ও মেয়াদ
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য সকল পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছরের জন্য অতিরিক্ত সচিব পদমর্যাদায় (গ্রেড-২) ড. এম. মুজিবুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
একাডেমিক সাফল্য ও বর্ণাঢ্য কর্মজীবন
ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), কোয়ালিটি অ্যাসুরেন্স এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পলিসি এক্সপার্ট।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক এবং সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কো-কনভেনর। তাঁর শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রয়েছে; তিনি স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণি এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় ও বাথ বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েট রিসার্চ সম্পন্ন করেছেন।
যুক্তরাজ্যের লন্ডনে সিটি অ্যান্ড গিল্ডস (City & Guilds) এবং এনসিএফই (NCFE) অনুমোদিত সেন্টার পরিচালনা ও ব্যবস্থাপনার মাধ্যমে তিনি ইউকে অফকোয়াল (Ofqual) নিয়ন্ত্রিত আন্তর্জাতিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেন।
এলাকায় আনন্দের বন্যা
ড. মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। একজন আন্তর্জাতিক মানের শিক্ষাবিদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় তাঁর জন্মভূমি বিশ্বনাথ উপজেলাসহ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা