পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্টাফ রিপোর্ট / ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের মধ্যে দাপ্তরিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতে কাজের সুনির্দিষ্ট ক্ষেত্র নির্ধারণ করে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনক্রমে পররাষ্ট্রমন্ত্রীকে সার্বিক কার্য সম্পাদনে সহায়তা করার লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন কার্যকর করা হয়েছে।
প্রতিমন্ত্রীদের দায়িত্বের বিবরণ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ (হুমায়ুন কবির):
তিনি মূলত আন্তর্জাতিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি (প্রবাসী কল্যাণ ও কূটনৈতিক সমন্বয়) এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের তদারকি ও কার্যসম্পাদন করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ (শামা ওবায়েদ ইসলাম):
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সমন্বয়, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ (ব্লু ইকোনমি), বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়সমূহ দেখভাল করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় এ দায়িত্ব বণ্টন বিশেষ ভূমিকা রাখবে।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা