৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি পেলেন শায়েস্তাগঞ্জের ছাত্রী জান্নাতুল ফেরদৌস জেমি
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (AUW) চার বছর মেয়াদি স্নাতক কোর্সে অধ্যয়নের জন্য প্রায় ৭৫ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি লাভ করেছেন।
গত ১৮ আগস্ট এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জেমিকে এ বৃত্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
শত শিক্ষার্থীর মধ্য থেকে অনন্য সাফল্য
বৃত্তি প্রাপ্তির আওতায় জেমি আগামী চার বছর প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে আর্থিক সুবিধা পাবেন, যা তাঁর সম্পূর্ণ শিক্ষাব্যয় বহন করবে।
জানা গেছে, জেমি শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পড়াশোনা করে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে শেভরন বাংলাদেশের অর্থায়নে পরিচালিত এক মাসব্যাপী বিশেষ ‘সামার স্কুল প্রোগ্রাম’-এ অংশ নেন তিনি। শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৭ জনের মধ্যে জেমি সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির জন্য নির্বাচিত শীর্ষ দুই শিক্ষার্থীর একজন হিসেবে এই গৌরব অর্জন করেন।
সীমাবদ্ধতা জয়ের অনুপ্রেরণাদায়ী গল্প
জান্নাতুল ফেরদৌস জেমি শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম লেঞ্জাপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী আফজল আলীর কন্যা। পারিবারিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং নিজের মেধার জোরে তিনি এ সাফল্য ছিনিয়ে এনেছেন। বাংলা মাধ্যম থেকে এসে ইংরেজি ও বিজ্ঞানভিত্তিক সামার স্কুলে কঠিন প্রতিযোগিতা জয় করে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।
জেমির এই ঐতিহাসিক অর্জনে তাঁর পরিবার, শিক্ষক এবং শায়েস্তাগঞ্জজুড়ে আনন্দের বন্যা বইছে। স্থানীয় সুধীজনরা মনে করছেন, তাঁর এই অর্জন দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে আসার ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
এস এম সোহাগ ফরাজী। দৈনিক জীবনযাত্রা