বিশ্বনাথে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার
সিলেট প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযানে আরও এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পৌরসভার কালিগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে কামরান আহমদ নামের ওই নেতাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ।
অভিযানের বিবরণ ও আসামির পরিচয়
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে উপজেলার জানাইয়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে নয়ন মিয়াকে গ্রেফতারের পর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কালিগঞ্জ বাজার এলাকা থেকে কামরান আহমদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরান আহমদ বিশ্বনাথ উপজেলার গন্ধারকাপন গ্রামের শফিক আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।
বিশ্বনাথ থানা পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা