বিশ্বনাথে প্রয়াত অফিস সহকারী আশরাফুল ইসলামের স্মরণে শোকসভা: প্রবাসীদের সহায়তায় পরিবারের হাতে ৭ লাখ টাকা তুলে দিলেন ইউএনও
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ‘আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’-এর সদ্য প্রয়াত অফিস সহকারী আশরাফুল ইসলাম স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানবিক উদ্যোগ: পরিবারের পাশে শিক্ষার্থীরা
অনুষ্ঠানের অন্যতম মানবিক দিক ছিল প্রয়াত আশরাফুল ইসলামের পরিবারের সহায়তার জন্য তহবিল সংগ্রহ। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশে ও বিদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করেও এই মহৎ উদ্দেশ্যে প্রায় ৭ লাখ ১৭ হাজার ৪২৩ টাকা সংগ্রহ করেন। এই পুরো অর্থরাশি আনুষ্ঠানিকভাবে মরহুমের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।
এছাড়া দীর্ঘসময় দায়িত্ব পালনকারী বিদ্যালয়ের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শোকসভায় বক্তারা
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কাউসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও জাহিদ বিন কাশেম।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেন্টু আলী বলেন, “আশরাফুল ইসলাম ছিলেন প্রতিষ্ঠানের একনিষ্ঠ কর্মী। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
এ ছাড়া বক্তব্য রাখেন—সাবেক প্রধান শিক্ষক আবদুল মোমেন, সাবেক শিক্ষক রোকেয়া পারভীন, আমিরুল ইসলাম, মোহাম্মদ টিপু সুলতান, শিব্বির আহমেদ, পরিচালনা কমিটির সাবেক সদস্য আতিকুর রহমান ও আব্দুল হামিদ, হলি চাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান, এলাকার মুরব্বী আব্দুল গণি প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষে শোকসন্তপ্ত পরিবারের অনুভূতি ব্যক্ত করেন তাঁর মেঝ ছেলে সাব্বির রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান এবং শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মনসুর আহমদ বিপ্লবী।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা