সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা: এএসআইসহ আহত ৩, গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার / নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে চালানো এই অতর্কিত হামলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় পুলিশ দ্রুত সাঁড়াশি অভিযান চালিয়ে হামলার সঙ্গে সরাসরি জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ সফল অভিযান পরিচালিত হয়।
আটি হাউজিং বালুর মাঠে পুলিশের ওপর হামলা
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং- ১০২৬ মূলে এএসআই (নিঃ) মোহাম্মদ স্বপনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকার সার্বিক নিরাপত্তা, মাদক উদ্ধার ও নিয়মিত গ্রেফতারি পরোয়ানা তামিলের ডিউটিতে নিয়োজিত ছিল।
ডিউটি চলাকালে দলটি সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪ নম্বর ওয়ার্ডস্থ আটি হাউজিং এলাকায় প্রকৌশলী রবিউলের নির্মাণাধীন ৮ তলা ভবনের দক্ষিণ পাশের বালুর মাঠে পৌঁছায়। সেখানে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে মোঃ সাহেব আলী, মোঃ নাইম হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ আলেক শাহ, মোঃ সজিব, আবু তাহের ওরফে বেঙ্গা, মোঃ সাগর, হাফেজ আহমেদ, রাব্বি ও বিজয়সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন সন্ত্রাসী বেআইনি জনতাবদ্ধে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ধারালো চাপাতি, সুইচ গিয়ার, দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। তাদের বর্বরোচিত আঘাতে পুলিশের এএসআই (নিঃ) মোহাম্মদ স্বপন, কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল মোঃ আবু হানিফ রক্তাক্ত ও গুরুতর জখম হন।
৪ হামলাকারী গ্রেফতার ও আদালতে প্রেরণ
পুলিশের বৈধ সরকারি কাজে বাধা প্রদান এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার পরপরই বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত ৪ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ নাইম হোসেন (২৫) — পিতা: মোঃ শাহ আলম, সাং: আটি ওয়াবদা কলোনী (বউ বাজার), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
২. মোঃ ইকবাল হোসেন (২১) — পিতা: মৃত হাশেম, সাং: আটি ওয়াবদা কলোনী (বউ বাজার), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩. মোঃ আব্দুল্লাহ (২৪) — পিতা: মোঃ ওসমান, সাং: আটি ওয়াবদা কলোনী (বউ বাজার), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৪. মোঃ আলেক শাহ (২৮) — পিতা: মৃত রহম আলী, স্থায়ী সাং: কৃষ্ণপুর, থানা: খালিয়াজুরী, জেলা: নেত্রকোনা (বর্তমান সাং: আটি ওয়াবদা কলোনী বউ বাজার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী মোঃ সাহেব আলীসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান জোরদার রয়েছে।
দৈনিক জীবনযাত্রা